টি-টোয়েন্টির পর জিম্বাবুয়ে সফরে ওয়ানডেতেও জয়ের ধারায় রয়েছে পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডের প্রথমটিতে বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি। হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিকদের বিপক্ষে ১৩১ রানে জয় পেয়েছে আজহার আলীর দল।
বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি পাকিস্তানের। ৩৫ রানের মধ্যেই তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে অনেকটা বিপদেই পড়ে দলটি। ১০০ রানের মাথায় শোয়েব মালিক ও ১২৮ রানের মাথায় সরফরাজ আহমেদ আউট হয়ে যাওয়ার পর সেই বিপদ আরো ঘনীভূত হয়। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন ইমাদ ওয়াসিম ও রিজওয়ান আহমেদ। তারা দুজন মিলে ১২৪ রানের জুটি গড়ে পাকিস্তানকে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৯ রানের পুঁজি দেয়।
২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের ঘূর্ণিজাদুতে দিশেহারা জিম্বাবুয়ে। ইয়াসির শাহ ও শোয়েব মালিকের ভয়াল স্পিনে ১২৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ওভার বাকি ছিল ১৩টি। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শন উইলিয়ামস। এছাড়া অধিনায়ক চিগুম্বুরা ২২, সিকান্দার রাজা ১৯, চারি ১৬, মাসাকাদজা ১৫, চিবাবা ১২ রান করেন। বাকিরা কেউই স্পর্শ করতে পারেনি দুই অংকের ঘর।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইয়াসির শাহ। শোয়েব মালিক নেন ৩টি উইকেট। এক উইকেট পান ইমাদ ওয়াসিম।
এ জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইল সফরকারী পাকিস্তান।














































