বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ জুলাই ২০২৫, ২:০৯ অপরাহ্ন
শেয়ার

জলবায়ু অভিযোজন কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ


পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে যৌথভাবে কাজ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ।

মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

রিজওয়ানা হাসান বলেন, এ লক্ষ্যে শিক্ষা, সামাজিক খাত ও পরিবেশ সচেতনতা জোরদার করে স্থানীয় পর্যায়ে অভিযোজন সক্ষমতা তৈরিতে যৌথ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

বৈঠকে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রমে জবাবদিহিতা, সমন্বয় এবং তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পানি উন্নয়ন বোর্ডসহ অবকাঠামো ও পানি সংশ্লিষ্ট প্রকল্পের পরিবীক্ষণ ব্যবস্থায় তরুণ প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, পয়ঃনিষ্কাশন ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় ইনসিনারেশনের বিকল্প হিসেবে উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপদ ও ব্যবহারিক সমাধান গ্রহণের দিকে যেতে হবে।

বৈঠকে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্স বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে শিশু ও কিশোর-কিশোরীদের জীবন, পুষ্টি ও শিক্ষা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিসেফ তরুণদের জলবায়ু সমাধানের কেন্দ্রবিন্দুতে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ইউনিসেফ বাংলাদেশের চিফ অব ওয়াশ পিটার জর্জ এল. ম্যাস, চিফ অব ফিল্ড সার্ভিসেস ফ্রাঙ্কো গার্সিয়া এবং প্রোগ্রাম স্পেশালিস্ট (জলবায়ু) ভ্যালেন্টিনা স্পিনেডি।