জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নির্বাচন হলে তা জনগণের নির্বাচন হবে না, আর তাতে তারা অংশ নেবেন না। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে, জুলাই সনদ এ মাসে হওয়ার কথা সেই সনদ আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিজয় হবে, ইনশাআল্লাহ।’
নদী ও সীমান্ত ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, ভারত দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যা দিচ্ছে না। এনসিপির নেতৃত্বে নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন শিগগিরই শুরু হবে বলে জানান তিনি। সেইসঙ্গে তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের নদীর অধিকার ও সীমান্তে নিরাপদে বেঁচে থাকার অধিকার আমরা আদায় করে ছাড়ব।”
দল গঠনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “সময়ের দাবি ও জনগণের আহ্বানে, শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করতে আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি—যাতে মানুষ বিকল্প নেতৃত্ব বেছে নিতে পারে। বাংলাদেশের তরুণদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই।”
নাহিদ ইসলাম বলেন, ‘লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যে আঞ্চলিক বৈষম্য শিক্ষা, স্বাস্থ্য ও কাজের অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যোগাযোগসহ তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে তরুণ প্রজন্মেও কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।’
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী, কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং মোহাম্মদ আতাউল্লাহ প্রমুখ।






































