বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ জুলাই ২০২৫, ২:১২ অপরাহ্ন
শেয়ার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: বিএনপি


দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: বিএনপি

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতিদ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে দেওয়া বিবৃতিতে এ কথা জানানো হয়।

বৈঠকে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সভায় আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় ৪ জন নিহত হওয়ায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

বিএনপির বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রে উত্তরণের পথকে বিঘ্নিত করার জন্য এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করবার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অযোগ্যতা এবং নির্লিপ্ততায় পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা শুধু কথাই বলছেন কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন।

বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পতিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণের ঘটনা ঘটায়। ফলশ্রুতিতে সরকারকে ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে হয়। যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবার নীল নকশা।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সংঘটিত মিডফোর্ডের নৃশংস হত্যাকান্ডে বিএনপিকে সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য ও শ্লোগান গোটা জাতিকে স্তম্ভিত করেছে। বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত যে সকল অশ্লীল বক্তব্য ও স্লোগান গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। সভা এই সব কর্মকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানায়। সভা মনে করে এই ধরনের কর্মকান্ড শুধুমাত্র রাজনৈতিক পরিবেশকেই বিনষ্ট করবে না গণতন্ত্রে উত্তরণের পথকে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবে । সভা আশা করে সকল রাজনৈতিক দল পারস্পরিক মর্যাদা ও সৌহার্দের বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই ধরনের অরাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকবে।