বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ জুলাই ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
শেয়ার

স্টারলিংক কার্যক্রমে বাংলাদেশের প্রশংসা করলেন লরেন ড্রেয়ার


younus-lorenবাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালুর পেছনে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

লরেন ড্রেয়ার বলেন, “আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু এত দক্ষ, সুশৃঙ্খল এবং সিদ্ধান্তমূলক মনোভাব আমরা আর কোথাও দেখিনি। স্পেসএক্সে আমার সহকর্মীদের পক্ষ থেকে আমি আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আপনার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।”

অধ্যাপক ইউনূস তাকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, “এটা বর্ষাকাল—চারদিকে সবুজ, সঙ্গে রয়েছে বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জ। এমন সময় নির্ভরযোগ্য প্রযুক্তি দিয়ে যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলে এখনো সংযোগের ঘাটতি রয়েছে, যেখানে স্কুল, শিক্ষক ও চিকিৎসক সঙ্কট রয়েছে। “আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার পরিকল্পনা নিয়েছি, যাতে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা উপকৃত হয়।”

ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে ইউনূস বলেন, “অনেক নারী গর্ভাবস্থায় চিকিৎসা নিতে পুরুষদের সহায়তা নিতে বাধ্য হন। কিন্তু ডিজিটাল সেবা থাকলে তারা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। বিদেশে থাকা বাংলাদেশিরাও দেশি চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন, যা ভাষাগত সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে।”

অধ্যাপক ইউনূসের এসব উদ্যোগকে ‘বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মতো’ বলে মন্তব্য করেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, “আপনি যে উদাহরণ স্থাপন করছেন, তা অন্যান্য নেতাদেরও জানানো উচিত। আপনি যদি পারেন, অন্যরাও পারবেন।”

দুর্নীতির বিরুদ্ধে ইউনূসের অবস্থানেরও প্রশংসা করে ড্রেয়ারের মন্তব্য, “আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরি, দুর্নীতি কত বড় সমস্যা তা জানি। কিন্তু আপনি প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসনব্যবস্থার উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি দিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।