
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গিয়ে তিনি জামায়াত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সাক্ষাত শেষে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা জামায়াত আমীরের খোঁজ রাখছেন। আমি এখানে তার পক্ষ থেকেই এসেছি এবং জামায়াত নেতাদের সঙ্গেও একাধিকবার কথা বলেছি।”
তিনি আরও বলেন, জামায়াত আমীর এখন সুস্থ আছেন, ভালো আছেন। সামনে নির্বাচন—আমরা চাই সব রাজনৈতিক দলের নেতারা সুস্থ থাকুন, দেশের উন্নয়নে সবাই যেন অবদান রাখতে পারেন।
এর আগে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। মঞ্চে থাকা নেতারা তাকে তাৎক্ষণিকভাবে ধরে ফেলেন এবং কিছু সময় বিশ্রাম নেন তিনি।
পরবর্তীতে বসে থেকেই বক্তব্য চালিয়ে যান জামায়াত আমির। তখন তার পাশে দলের চিকিৎসক নেতারাও উপস্থিত ছিলেন।




































