তথ্য পাওয়ার অধিকার আরও শক্তিশালী করতে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে তথ্য অধিকার আইন সংশোধনের খসড়া প্রস্তুত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সংশোধিত খসড়ায় উল্লেখযোগ্য একটি প্রস্তাব হলো— তথ্য প্রদানে বাধা দিলে তথ্য কমিশন সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে। বর্তমান আইনে জরিমানার সর্বোচ্চ পরিমাণ ৫ হাজার টাকা।
পর্যালোচনা ও সংশোধনের জন্য গত ১০ জুলাই এ আইন সংশোধনের খসড়া অনলাইনে উন্মুক্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খসড়ায় ৪টি ধারা সংশোধনের জন্য প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫, ৬, ৭ ও ২৭ নম্বর ধারা।
খসড়ায় বলা হয়েছে, কোনো সরকারি বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ তথ্য গোপন করতে পারবে না এবং সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকারকে সীমিত করতে পারবে না। বিশেষ করে প্রস্তাবিত বাজেট, প্রকৃত আয়-ব্যয় ও আর্থিক তথ্য, অডিট প্রতিবেদন, সরকারি ক্রয় সংক্রান্ত নথি, দরপত্র মূল্যায়নের মানদণ্ড ও ফলাফল, চুক্তির অনুলিপি ও তহবিল ব্যয়ের বিস্তারিত তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।
সরকার মনে করছে, তথ্য অধিকার নিশ্চিত করতে এই সংশোধন প্রয়োজন, যাতে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে।




































