বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ আগস্ট ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
শেয়ার

রোহিঙ্গা সংকট সমাধানে এ বছরই ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন


yunusঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে এ বছরই ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে— প্রথমটি আগস্টের শেষে কক্সবাজারে রোহিঙ্গা আগমনের অষ্টম বার্ষিকী উপলক্ষে, দ্বিতীয়টি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং তৃতীয়টি বছরের শেষদিকে কাতারের দোহায়।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, আসিয়ান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আঞ্চলিক প্রভাব এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করছি মালয়েশিয়া তাদের প্রভাব কাজে লাগিয়ে আলোচনাকে এগিয়ে নেবে, যেন এ সমস্যার একটি স্থায়ী সমাধান পাওয়া যায়।

অধ্যাপক ইউনূস সতর্ক করে জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সংঘর্ষের কারণে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। গত ১৮ মাসেই প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা এসে যুক্ত হয়েছেন। এর আগে থেকেই দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

সবচেয়ে বড় সংকট হলো যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গাদের জন্য দেওয়া তহবিল বন্ধ করে দিয়েছে। ফলে আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বাংলাদেশ অভূতপূর্ব চাপে রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের পর রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। ২০২১ সালে মিয়ানমারে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে প্রত্যাবাসন প্রক্রিয়া এখন কার্যত থমকে আছে।

শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি আসিয়ান রাষ্ট্রও রোহিঙ্গা সংকটে সরাসরি প্রভাবিত হচ্ছে। মানবিক কারণে মালয়েশিয়া প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে, যদিও দেশটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক কনভেনশনের স্বাক্ষরকারী নয়।