বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ আগস্ট ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
শেয়ার

সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ


সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৪ মিলিয়ন ইউরোরও বেশি একটি সহায়তা প্যাকেজ দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউর আরও পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। সেপ্টেম্বরে বিশেষজ্ঞ একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ।

তিনি বলেন, ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করবে ইইউ।

এর আগে, এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।