বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ আগস্ট ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
শেয়ার

ভারতে আ. লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের অনুরোধ


Pororastro montronaloy
ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় স্থাপন এবং কার্যক্রম পরিচালনার অভিযোগে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে দলটির কার্যালয় ও সব ধরনের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ করেছে ঢাকা।

বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ‘নিষিদ্ধ’ রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়টি সরকারের নজরে এসেছে। ভারতের মাটিতে অবস্থান করে দলটির নেতাদের বাংলাদেশবিরোধী কার্যক্রম বৃদ্ধির প্রেক্ষাপটেই এ ঘটনা ঘটছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা ভারতে পালিয়ে রয়েছেন। এর আগে গত ২১ জুলাই একটি অখ্যাত এনজিওর ব্যানারে দিল্লি প্রেস ক্লাবে দলটির কয়েকজন নেতা জনসংযোগের পরিকল্পনা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যমেও আওয়ামী লীগের ক্রমবর্ধমান তৎপরতার খবর উঠে এসেছে।

বাংলাদেশ সরকার মনে করে, ভারতের মাটিতে অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানো এবং অফিস স্থাপন বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি অবমাননা। এ ধরনের কার্যকলাপ শুধু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরের ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাতে না পারে। পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করার জন্যও দিল্লিকে অনুরোধ জানানো হয়েছে।