
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে জমির দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে দলিলটি মাহির সরওয়ার মেঘের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা।
২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে এই প্লটের বরাদ্দ পান সাংবাদিক সাগর সরওয়ার। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার সাগর সরওয়ারের পরিবারকে এই প্লটটি বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে বর্তমানে সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং ছেলে মাহির সরওয়ার মেঘ এই প্লটের মালিক।

অনুষ্ঠানে মেঘ তার ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে সাগর-রুনি মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।” এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন। অনুষ্ঠানে মেঘ তার ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।
বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগ বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।











































