চলতি আগস্টের প্রথম ২০ দিনে (১–২০ আগস্ট) দেশে এসেছে ১৬৪ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৩২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। গত বছরের একই সময়ে এসেছিল ১৫৩ কোটি ডলার। অর্থাৎ এবার প্রবাসী আয় বেড়েছে প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ নিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪১২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। গত বছর এ সময়ে এসেছিল ৩৪৪ কোটি ৩০ লাখ ডলার।
এর আগে নতুন অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স। তবে সে মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
উল্লেখ্য, গত (২০২৪-২৫) অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ওই অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে—৩২৯ কোটি ডলার।











































