রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ আগস্ট ২০২৫, ২:২৮ অপরাহ্ন
শেয়ার

টায়ার চুরির অভিযোগে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত


biman
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অকশনের জন্য সংরক্ষিত উড়োজাহাজের টায়ার বিনা অনুমতিতে বিক্রির ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা হলেন— বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হাসান এবং স্টোর হেলপার সামছুল হক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপরাধীদের সঙ্গে কোনো আপস নেই। বিমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এখন আর অনিয়ম করে ছাড় পাওয়ার সুযোগ নেই।”

সূত্র জানায়, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে অকশনের জন্য রাখা বিমানের কিছু টায়ারের মধ্যে ১০টি টায়ার গোপনে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাছে বিক্রি করেন ওই দুই কর্মী। ঘটনাটি প্রকাশ্যে এলে বিমান কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি, বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম রওশন কবির জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (২১ আগস্ট) আরমান হাসান ও সামছুল হককে চাকরিচ্যুত করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, ১৬ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরের অকশন শেডে রাখা ১০টি আনসার্ভিসেবল টায়ার খুঁজে পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, সেগুলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে, অথচ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়নি।

তবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “ইউএস-বাংলার উড়োজাহাজের সংখ্যা বিমানের চেয়ে বেশি। ব্যবহৃত টায়ার নেওয়ার কোনো প্রশ্নই আসে না।”

বিমান প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে।