মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সিনিয়র সাংবাদিক এবং আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি কিভাবে সেখানে গেলেন, তাঁর মৃত্যুর কারণ কী তা তদন্ত করে দেখা হচ্ছে।’
নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ কিছুটা বিকৃত হতে শুরু করেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
বিভুরঞ্জন সরকার গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন। তার পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার রাতে ছেলে ঋত সরকার রমনা থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করেন, সকাল ১০টার দিকে তার বাবা সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার কথা বলে বের হন। আজকের পত্রিকার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসেও যাননি।









































