পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় আসছেন শনিবার (২৩ আগস্ট)। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি ২৩-২৪ আগস্ট বাংলাদেশ সফর করবেন।
সফরকালে ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পাবে।
সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিন ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা সই হতে পারে।
সেগুলো হলো- দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি। দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা সই।
২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর সামনে রেখে গত ১৬-১৭ এপ্রিল ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সে সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।
চলতি বছর ২৭-২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। এখন নতুন করে আবার সফর সূচি চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে সর্বশেষ পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ডি-৮ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানানোর জন্য ঢাকায় এসেছিলেন।
এদিকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বর্তমানে চার দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন, যা শুরু হয়েছে ২০ আগস্ট থেকে।









































