
ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি’র পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
দুই দিনের সরকারি সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এলেন।
ইসহাক দারকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।






























