
জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক। রোববার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উদ্বোধনী বক্তৃতায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বড় শহরগুলোতে এরকম বাইপাস করতে হবে যেন বড় শহরগুলোকে যানজট মুক্ত করতে পারি। তবে সড়ক নির্মাণের ব্যয় কমাতে হবে এবং টেকনোলজি বাড়াতে হবে। সড়ক এমনভাবে তৈরি করতে হবে যেন বছর বছর খারাপ না হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ১৮ কিলোমিটার কাজ শেষ, তাই যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ও গতি নিশ্চিত করতে এক্সপ্রেসওয়েতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে এই অংশে কোনো ইউটার্ন থাকবে না বলে জানানো হয়েছে। যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে। ১৮ কিলোমিটার অংশে আংশিকভাবে টোল আদায় শুরু হচ্ছে।
এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের এই অংশ চালু হলে রাজধানীর আশপাশের যানজট কিছুটা হ্রাস পাবে। একই সঙ্গে পণ্য পরিবহন আরো দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর হবে। যানজট কমাবে, বাড়াবে অর্থনৈতিক গতি। পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে এটি দেশের উত্তরাঞ্চলের জন্য একটি বিকল্প রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও তা ইতিবাচক প্রভাব ফেলবে।
৪৮ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে মদনপুর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের ৮০ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা ২০২৬ সালের জুন মাস।
ভোগরা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত নির্মাণাধীন এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান-(পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি)। এই প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চীনের সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ এবং বাংলাদেশের শামিম এন্টারপ্রাইজ লিমিটেড এবং ইউডিসি কনসোর্টিয়াম লিমিটেড।






































