
মুক্তিযুদ্ধকালীন গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের গুরুত্বও তুলে ধরা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তি অনুসারে, সেদিন ঢাকার একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি, পর্যটন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ সম্ভাবনাময় সব খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বৈঠকে বাংলাদেশ অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দিয়ে জানায়, এ ক্ষেত্রে নিয়মিত কূটনৈতিক এবং খাতভিত্তিক যোগাযোগ বজায় রাখা জরুরি।






























