ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাররা অনলাইনে নিবন্ধন করে কীভাবে ভোট দেবেন, সেই পদ্ধতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত দুটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশিকা অনুযায়ী, প্রবাসীদের প্রথমে গুগল প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগইন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে, তা দিয়ে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে।
এরপর নিজের ছবি দিতে হবে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি হাতে নিয়ে সেলফি তুলতে হবে)। পরবর্তীতে দিতে হবে এনআইডির ছবিও। এরপর পাসপোর্ট থাকলে সেটির ছবি দিতে হবে। সবশেষে বিদেশের বর্তমান ঠিকানার তথ্য দিলেই কাজ শেষ।
সিস্টেম থেকে সব তথ্য যাচাই করে সত্যতা মিললে ‘আপনি এখন নিবন্ধিত’ লেখা প্রদর্শিত হবে অ্যাপে। এরপর অপেক্ষা ব্যালট পেপারের জন্য।
নিবন্ধন সম্পন্ন হলে তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে এবং পৃথক ভোটার তালিকা প্রস্তুত হবে। এরপর ইসির নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ভোটারের বর্তমান ঠিকানায় মার্কা বা প্রতীক সম্বলিত ব্যালট তিনটি খামে পাঠাবেন রিটার্নিং কর্মকর্তা। একটি খামের ভেতর আরও দুটি খাম থাকবে। যার একটিতে থাকবে ব্যালট পেপার।
আরেকটি খামে থাকবে আসন নম্বর ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা। ভোটার ব্যালট পেপার বের করে ভোট দিয়ে দ্বিতীয় খামটিতে ভরে কাছের পোস্ট বক্সে জমা দিলেই কাজ শেষ।
ভোট দেওয়ার আগে ভোটারকে অ্যাপে প্রবেশ করে মোবাইল নম্বর যাচাই, নতুন ছবি তোলা এবং খামে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এতে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম দেখা যাবে। প্রার্থিতা দেখার পর ভোটার তার কাছে পাঠানো খাম খুলে ব্যালট পেপার বের করে ভোট দেবেন এবং একটি ঘোষণাপত্রে সই করবেন। এরপর ব্যালট পেপার খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দেবেন।
এবারের নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি কারাগারে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরাও ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
‘পোস্টাল ভোট বিডি’ এ্যাপে নিবন্ধন প্রক্রিয়া এবং ভোটদান প্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন।






































