
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার তালিকা ডাটাবেজে অন্তর্ভুক্তির জন্য ৩১ অক্টোবর ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করেছে কমিশন।
তালিকা প্রণয়নের সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ের রেজিস্ট্রেশন অফিসারদের সিএমএস পোর্টালে লিংক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর। খসড়া তালিকা মুদ্রণ ও প্রকাশ করা হবে ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিলের শেষ সময় ১৬ নভেম্বর। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ১৭ নভেম্বর। আর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর।
এর আগে গত ৩১ আগস্ট সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সে তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
তখন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করেই প্রকাশ করা হবে হালনাগাদকৃত ভোটার তালিকা।






































