
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি সংগৃহীত
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রতিনিধি দলটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এমিরেটসের একটি ফ্লাইটে তারা নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক।
সফরসঙ্গীরা জাতিসংঘের সাধারণ অধিবেশন ছাড়াও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।






































