বুধবার । জানুয়ারি ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:০২ অপরাহ্ন
শেয়ার

টঙ্গীর রাসায়নিক কারখানায় আগুন: আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু


টঙ্গীর রাসায়নিক কারখানায় আগুন: আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর দগ্ধ আরও এক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন। আজ বুধবার বেলা ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ নিয়ে টঙ্গীর রাসায়নিক কারখানার দুর্ঘটনায় ২ ফায়ার ফাইটারের মৃত্যু হলো।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার বাবার নাম আব্দুল মনসুর ও মায়ের নাম শিরিনা খাতুন। ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগদান করেন তিনি। ফায়ার ফাইটার নুরুল হুদার ১ ছেলে ও ১ মেয়ে। মেয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করে। ছেলের বয়স ৩ বছর। নুরুল হুদার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হন।