
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা ও প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর ভোটারদের মনোভাব জানার জন্য বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং সম্প্রতি তাদের দ্বিতীয় দফার জরিপ ফল প্রকাশ করেছে।
রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে বুধবার এই ফলাফল উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার। সারাদেশের ৮টি বিভাগ ও ৬৪ জেলা থেকে ৯ হাজার ৩৯৮টি পরিবার/খনার ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর এ জরিপ পরিচালিত হয়।

কোন দল কতটা জনপ্রিয়?
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ভোট দিতে আগ্রহীদের প্রশ্নে দেখা যায়, বিএনপি রয়েছে শীর্ষে। দলটির প্রতি সমর্থন জানিয়েছেন ৪১.৩ শতাংশ ভোটার। দ্বিতীয় স্থানে জামায়াতে ইসলামী (৩০.৩ শতাংশ), আর তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ, যাদের সমর্থন ১৮.৮ শতাংশ। নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৪.১ শতাংশ ভোটারের সমর্থন।
সরকার গঠনে কার সম্ভাবনা বেশি?
৪০ শতাংশ ভোটার বিশ্বাস করেন, পরবর্তী সরকার গঠন করবে বিএনপি। জামায়াতকে এগিয়ে রেখেছেন ২৩.৩ শতাংশ, আর আওয়ামী লীগকে ১২.১ শতাংশ। এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন ৩.৮ শতাংশ ভোটার।

প্রতীকের চেয়ে প্রার্থী গুরুত্বপূর্ণ
জরিপে অংশ নেওয়া ৬৫.৫ শতাংশ ভোটার জানান, তারা দলীয় প্রতীকের চেয়ে প্রার্থী বিবেচনায় ভোট দেবেন। মাত্র ১৪.৭ শতাংশ ভোটার প্রতীক দেখে ভোট দেওয়ার কথা বলেছেন।
স্থানীয় রাজনীতিতে সন্তুষ্টি
ভোটারদের স্থানীয় পর্যায়ের রাজনীতি নিয়েও মতামত নেয়া হয়। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামীকে নিয়ে বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট ৮.২ শতাংশ, জামায়াতে ১৩.৭ শতাংশ এবং এনসিপিতে ৯.১ শতাংশ ভোটার। তরুণ ও নারী ভোটারদের মধ্যে জামায়াতের গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি দেখা গেছে।
আওয়ামী লীগের প্রতি ভোটারদের অবস্থান
জরিপে অংশ নেওয়া প্রায় সমান সংখ্যক ভোটার ভিন্ন ভিন্ন মত দিয়েছেন আওয়ামী লীগের বিষয়ে। ৪৫.৫৮ শতাংশ মনে করেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়। অন্যদিকে ৪৫.৭৯ শতাংশ মনে করেন, সব দলকেই জাতীয় নির্বাচনে সুযোগ দেওয়া উচিত।
আগের জরিপের সঙ্গে তুলনা
গত মার্চে ইনোভেশন কনসাল্টিংয়ের করা জরিপের সঙ্গে তুলনায় দেখা গেছে, সেপ্টেম্বরের জরিপে বিএনপির জনপ্রিয়তা সামান্য কমেছে (০.৪০ পয়েন্ট), জামায়াতেরও কমেছে (১.৩ পয়েন্ট)। বিপরীতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে ৪.৮ পয়েন্ট।
জরিপের আঞ্চলিক চিত্রে দেখা যায়, বিএনপি ছয়টি বিভাগে এগিয়ে, জামায়াত রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে শক্ত অবস্থানে রয়েছে।







































