
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে চলমান প্লট জালিয়াতির ছয়টি দুর্নীতি মামলার রায় আগামী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।
বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুদকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ছয়টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী, অক্টোবরের শেষভাগ কিংবা নভেম্বরের প্রথম সপ্তাহেই আদালত রায় ঘোষণা করবেন।
এ সময় তিনি আরও জানান, হাইকোর্টের আদেশে স্থগিত থাকা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের মামলাটি পুনরায় চালুর জন্য কমিশন উদ্যোগ নিচ্ছে।
দুদকের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাজ যদি দুর্নীতিমুক্ত না হয়, তাহলে অন্য প্রতিষ্ঠানকে শুদ্ধতার পরামর্শ দেওয়ার নৈতিক অধিকারও থাকবে না। তাই প্রথমেই আমাদের অভ্যন্তরীণ দুর্নীতি রোধ করতে হবে। এই প্রক্রিয়ায় গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।







































