শনিবার । জুন ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

ভূমি সেবায় নতুন দিগন্ত: দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমঝোতায় বাংলাদেশ


bd-korea-mou

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘কে-জিও ফেস্টা ২০২৫’-এ বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এবং দেশটির ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে ডিজিটাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে ও সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম বাস্তবায়ন বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ভূমি সেবায় যুক্ত হলো ডিজিটাল যুগের নতুন অধ্যায়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিউলে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম. সালেহ আহমদ এবং দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি সাং কিয়ং।

এই এমওইউ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাইজড ভূমি জরিপ এবং সমন্বিত ভূমি তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়নের পথ সুগম হলো। ফলে শতভাগ ডিজিটালাইজেশনের দিকে ভূমি ব্যবস্থাপনায় আরও এক ধাপ অগ্রসর হবে বাংলাদেশ।

বাংলাদেশে প্রতি ২৫ বছর অন্তর ভূমি জরিপ করা হলেও এবার প্রথমবারের মতো জরিপ কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ জরিপের মাধ্যমে জমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ, মালিকানা যাচাই ও রেকর্ড ব্যবস্থাপনা হবে আরও স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব।

ভূমি মন্ত্রণালয় জানায়, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জমি সংক্রান্ত বিরোধ কমানো, দলিল ও রেকর্ডের সঠিকতা নিশ্চিত করা এবং নাগরিক সেবা অটোমেশনের মাধ্যমে ভোগান্তি হ্রাস করা। পাশাপাশি জমির পরিমাণ, অবস্থান, ব্যবহারযোগ্যতা ও শ্রেণিবিন্যাস সম্পর্কিত তথ্যও ডিজিটালভাবে সংগ্রহ ও সংরক্ষণের সুযোগ তৈরি হবে।