জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক নেই।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২) এর ধারা ৯৪ এর প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এ সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, নৌকা প্রতীক স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে।
ইসির সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে জানানো হয়, সংরক্ষিত প্রতীকগুলোর মধ্যে ৫১টি প্রতীক ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য। বাকিগুলো থেকে স্বতন্ত্র প্রার্থী ও ভবিষ্যতে নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দলগুলো প্রতীক নিতে পারবে।
এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রতীকের বিধিমালা সংশোধন করে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে। তবে তালিকায় শাপলা না থাকায় দলটি এই প্রতীক পাচ্ছে না। এ বিষয়ে আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, তফসিলে শাপলা প্রতীক না থাকায় এনসিপি তা পাচ্ছে না।







































