বুধবার । জানুয়ারি ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২:১২ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর আবারও হামলার চেষ্টা; করলেন মামলা


Akhter NCP

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সচিব আখতার হোসেনের ওপর যুক্তরাষ্ট্রে আবারও হামলার চেষ্টা হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার রাত ১১টার দিকে নিউইয়র্কের এয়ারপোর্ট এলাকার পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্টে মামলাটি করা হয়।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় আখতার হোসেন জানান, ‌‘এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যা বেলা আওয়ামী সন্ত্রাসীলা আমার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এসময় যুক্তরাষ্ট্রের এনসিপি নেতা-কর্মী এবং আমার শুভাকাঙ্খিরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।’

আখতার হোসেন বলেন, ‘পুলিশ আমাদের মামলা করা পরামর্শ দিলে আমি স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টে মামলা দায়ের করি।’

জানা গেছে, মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আখতার হোসেন ভিডিওবার্তায় আরও বলেন, ‘আমরা ইউএস পুলিশকে অবহিত করেছি, এ ঘটনার সঙ্গে জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য, যারা গত বছর গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়েছিল। এ বিষয়ে জাতিসংঘের রিপোর্টও আমরা পুলিশকে জানিয়েছি।’

এনসিপি সদস্য সচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি—দেশে হোক বা বিদেশে, যেখানেই আওয়ামী সন্ত্রাসীরা অবস্থান করুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত প্রতিকার নেওয়া হবে। তারা যেসব অপরাধ করেছে, সেসবের আইনগত নিষ্পত্তি হবে। আর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে ফেরার সুযোগও থাকবে না।’