
আলবেনিয়া তাদের ক্রমবর্ধমান অর্থনীতিকে সমর্থন দিতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই।
এসময় আলবেনিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশের জন্য শ্রমিক দরকার, ইতোমধ্যে কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে। তিনি আরও জানান, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ করা যেতে পারে, বিশেষ করে পর্যটন খাতে। এসময় তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের কর্মশক্তি তরুণ ও গতিশীল, যা আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। একই সঙ্গে তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য দিল্লিতে গিয়ে আবেদন করতে হয় বলে উল্লেখ করেন তিনি।
জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়ে আলবেনিয়া বিবেচনা করছে। তিনি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফরসহ প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ চিকিৎসক ও নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত নানা ধরনের জনশক্তি সরবরাহে সক্ষম। এজন্য নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রেসিডেন্ট বেগাই আরও বলেন, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ভর্তি কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।







































