বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
শেয়ার

সেন্ট মার্টিন বন্ধ ছিল না, পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে: রিজওয়ানা


Rezowana

সেন্ট মার্টিনে কখনোই ভ্রমণ বন্ধ করা হয়নি, তবে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।

রিজওয়ানা হাসান বলেন, “সেন্ট মার্টিনের স্থানীয় মানুষ হোটেলের মালিক নন। যারা আন্দোলন করেন তাদের বেশিরভাগই বাইরের ব্যবসায়ী। সেন্ট মার্টিন ব্যবসায়ীদের নয়, এটি সবার।”

তিনি আরও বলেন, “সেন্ট মার্টিনকে রক্ষা করতে পারলেই পর্যটন চালু থাকবে। সেখানে কখনো ভ্রমণ বন্ধ করা হয়নি, শুধু পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে। এটি বৈশ্বিক অনুশীলনের অংশ। সেন্ট মার্টিনে রাত্রীযাপনের সিদ্ধান্ত ২০১৬ সালেই হয়েছিল, তবে তখন তা বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার এসে সেটি কার্যকর করছে।”

কিছু স্বার্থান্বেষী মহলের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, “ক’জন জাহাজ ব্যবসায়ী আর হোটেল ব্যবসায়ীর কাছে আমরা কি আমাদের সবার সেন্ট মার্টিন তুলে দেব?”

এ সময় চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের বিষয়েও বিস্ময় প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, “এখন শিক্ষাপ্রতিষ্ঠান হবে বিলে! যারা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তারা কীভাবে এ ধরনের দাবি তুলতে পারেন বা আন্দোলন করতে পারেন? সরকারের অনুমতি পরে আসবে, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে এই প্রকল্প আদৌ পাঠানো যায় কি না, সেটাই বড় প্রশ্ন।”