মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা


Dr. Muhammad Younus

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তার সফল বাস্তবায়নে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাণীতে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ড. ইউনূস বলেন, “সব অশুভ, অন্যায় আর অন্ধকারকে পরাজিত করে শুভ চেতনার জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে- দুর্গাপূজা উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে, দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করেন। অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা এই উৎসবকে অনন্য মাত্রা দিয়েছে।”

জাতীয় সম্প্রীতির প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, “সব ধর্ম-সম্প্রদায়ের মানুষের অপূর্ব মেলবন্ধনের অনন্য নিদর্শন বাংলাদেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পরিচয় একটাই- আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে সমুন্নত রেখে এবারের দুর্গাপূজাও সারা দেশে নির্বিঘ্নে, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হবে।”

তিনি আরও বলেন, “শান্তি, মৈত্রী ও সাম্য সব ধর্মের মূল শিক্ষা। মানুষের কল্যাণই সব ধর্মের মূল উপজীব্য। তাই নিজ নিজ ধর্মের যথাযথ অনুশীলনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে।”