ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। পাশাপাশি নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্তও হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদসচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে— ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে কুমিল্লা বিভাগ গঠন করার। বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ করা হয়েছিল।
এছাড়া কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে দুটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও চূড়ান্ত হয়েছে। মুরাদনগরের বাঙ্গরা থানার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ‘বাঙ্গরা উপজেলা’ এবং ফটিকছড়ি ভেঙে হবে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’।
এদিকে নতুন বিভাগ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে ভিন্নমতও আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক সচিবের মতে, এতে শুধু কিছু বাড়তি আমলাতান্ত্রিক পদ তৈরি হবে এবং জনগণের খরচ বাড়বে।
তার কথায়, মন্ত্রিপরিষদ বিভাগ চাইলে এক ঘণ্টার নোটিশেই অনলাইনে দেশের সব ডিসির সঙ্গে বৈঠক করতে পারে, তাই এখন নতুন বিভাগীয় প্রশাসন গড়ে তোলা তার কাছে অযৌক্তিক মনে হয়।




































