সোমবার । জানুয়ারি ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ অক্টোবর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
শেয়ার

রাতে নয়, এবারের ভোট হবে দিনে: ধর্ম উপদেষ্টা


Religion-Adviser

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি আশ্বস্ত করে বলেন, “ভোট হবে দিনের বেলায়, রাতের বেলা নয়। নতুন সরকার নির্বাচিত হলে ক্ষমতা তাদের হাতে তুলে দিয়ে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব।”

বুধবার সকালে রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ছাত্রজনতার রক্তের বিনিময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, তা ৫৪ বছর পর পাওয়া গেছে। “এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।”

ড. খালিদ হোসেন বলেন, “অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষা কোরান-হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে। মনে রাখতে হবে, মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি এর মূল ভিত্তি থাকতে হবে কোরান, হাদিস ও ফেকাহ।”

তিনি আরও জানান, আলিয়া মাদ্রাসা যুগ যুগ ধরে রাষ্ট্র ও সমাজ গঠনে অবদান রেখে আসছে। তাই আধুনিক শিক্ষা ও ঐতিহ্যের সমন্বয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। আরবি ও ইংরেজি শেখার মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি প্রতিষ্ঠানে বৃত্তি পাওয়ার সুযোগও তৈরি করতে পারবেন।

একইসঙ্গে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধের আহ্বান জানান এবং বলেন, “আমাদের আল্লাহ এক, কোরান এক, কেবলা এক। এই মিল আমাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বড় ঘাটতি রয়েছে। সরকার এই ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে পদক্ষেপ নিয়েছে।

তিনি উল্লেখ করেন, অতীতে মাদ্রাসায় জঙ্গি নাটক সাজানো হয়েছে এবং শাপলা চত্বরে গণহত্যার মতো ঘটনা ঘটানো হয়েছে। এ ধরনের পরিস্থিতি যেন আর না ঘটে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

সি আর আবরার বলেন, “ঢাকা আলিয়া মাদ্রাসা সাংবাদিকতা, শিক্ষা ও দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মাদ্রাসার মাঠ, জমি, শিক্ষক সংকট, অ্যাকাডেমিক ভবন ও বিশুদ্ধ পানির সমস্যা দ্রুত সমাধান করা হবে।”