
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পাহাড়ি এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটি ষড়যন্ত্র হয়েছিল, তবে তা সফল হয়নি।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সর্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ ঘুরে তিনি বলেন, কিছু সন্ত্রাসী একটি ঘটনা সাজানোর চেষ্টা করেছিল। একজনকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরও করা হয়। পরে তদন্তে দেখা গেছে, অভিযোগের কোনো ভিত্তি নেই। সেখানে একজন চাকমা চিকিৎসক ভুক্তভোগীকে পরীক্ষা করেছেন এবং প্রমাণ হয়েছে যে প্রচারিত ঘটনার সত্যতা নেই। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হয়নি।
তিনি আরও বলেন, সারা দেশে এবারের পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে মুন্সীগঞ্জে পরিবেশ আরও সুশৃঙ্খল। এজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনগণ প্রশংসার দাবিদার।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, পূজার শেষ দিন এবং আসন্ন লক্ষ্মীপূজাও একইভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীম, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









































