
দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি আগামী তিন দিন ধরে বাড়তে পারে। এতে অন্তত পাঁচ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাসে সতর্কবার্তা জারি শুক্রবার (৩ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
রংপুর অঞ্চলে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি
বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী তিন দিন ধরে বৃদ্ধি পাবে। এ সময় তিস্তা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। লালমনিরহাট ও নীলফামারী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীতে পানির চাপ
একই সময়ে সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানির স্তরও বৃদ্ধি পাবে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় নদীগুলো সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চলের আরও কয়েকটি নদীতে পানির প্রবাহ বাড়বে
আগামী তিন দিন করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য প্রভাব
বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হতে পারে। কৃষিজমি ও জনপদে পানি প্রবেশের ঝুঁকি থাকায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।যেসব এলাকায় নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাবে, সেখানে বিশেষ নজরদারির আহ্বান জানানো হয়েছে।







































