বৃহস্পতিবার । জানুয়ারি ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ অক্টোবর ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
শেয়ার

২ দি‌নের সফ‌রে ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী


Berris Ekinci

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। তিনি সোমবার (৬ অক্টোবর) দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক অগ্রগতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও পরিবহন খাত— এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রায় পাঁচ বছর পর দুই দেশের মধ্যে এই ফোরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হচ্ছে। আলোচনায় পুরনো চুক্তির বাস্তবায়ন, নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় হবে।

ঢাকায় অবস্থানকালে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক করবেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া, তার সফরসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পরিকল্পনাও রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।