বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ শহিদুল আলম ও গাজার পাশে আছে, থাকবে: প্রধান উপদেষ্টা


Yunus Shahidul

গাজা অভিমুখী ঐতিহাসিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া দেশের বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমসহ সবার নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময় যেমন সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা দেখিয়েছিলেন শহিদুল আলম, গাজার উদ্দেশে এই মিশনেও তিনি একই মনোবল নিয়ে অংশ নিয়েছেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টা বলেন, মানবিক যন্ত্রণা উপেক্ষা করার সংস্কৃতি মানবতার বহু দশকের সংগ্রামে অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে। গাজায় এই ট্র্যাজেডি সবচেয়ে স্পষ্ট। সেখানে শিশু ক্ষুধায় মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে। হাসপাতাল ও স্কুলসহ পুরো মহল্লা মানচিত্র থেকে মুছে দেওয়া হচ্ছে।

বিবৃতিতে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ শহিদুল আলম ও গাজার পাশে আছে, থাকবে।