
দেশের ইতিহাস ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দিন দুটি হলো ৭ অক্টোবর—আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী, এবং ২৫ ফেব্রুয়ারি—বিডিআর ট্র্যাজেডি দিবস।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। সরকার জানিয়েছে, প্রতি বছর এই দুটি দিন যথাযথ মর্যাদায় পালন করা হবে।
ঘোষণায় জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে প্রামাণ্যচিত্র ‘You Failed to Kill Abrar Fahad’ প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা।
বিবৃতিতে আরও বলা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ঐতিহাসিক ঘটনাগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। এই ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনগুলোকেও গুরুত্বের সঙ্গে স্থান দেওয়া হচ্ছে।
ফলে এখন থেকে প্রতি বছর সরকারি উদ্যোগে ৭ অক্টোবর আবরার ফাহাদ দিবস এবং ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবস জাতীয়ভাবে পালিত হবে।





































