
জেনারেল ওয়াকার-উজ-জামানে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল সাহির শামশাদ মির্জা।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
এর আগে, গত ২৫ অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন জেনারেল সাহির শামশাদ মির্জা। সেখানে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের অগ্রগতি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।






































