মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ নভেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
শেয়ার

ডেঙ্গুতে আরও ৫ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৭


Dengue

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৭ জন নতুন রোগীর মধ্যে ঢাকা মহানগরীতে ভর্তি হয়েছেন ৪২৯ জন। ঢাকার বাইরে—ঢাকা বিভাগে ২৬৬, বরিশালে ১৩২, চট্টগ্রামে ৯৮, খুলনায় ৫৯, ময়মনসিংহে ৬৫, রাজশাহীতে ৭০, রংপুরে ১৯ ও সিলেট বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৮ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৮২২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী। তাদের বয়স ১৪, ২৫, ৩৫, ৩৫ ও ৫৮ বছর।

এদিকে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪২ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৯ হাজার ৪৫২ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।