
ফাইল ছবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এ ফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৬৮১ জনকে সাময়িকভাবে নিয়োগের মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, পূর্ব ঘোষণা করা ফলাফলে যারা একই ক্যাডার বা পছন্দক্রমে নিম্নতর ক্যাডারের মনোনয়ন গ্রহণ না করার সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়েছিলেন, তাঁদের আবেদন বিবেচনা করেই নতুন এ তালিকা প্রকাশ করা হয়েছে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত বিধিমালা অনুযায়ী দেখা যায়, ৪৪তম বিসিএস থেকে মনোনয়ন পাওয়া ৩০৩ জন প্রার্থী আগের বিসিএসের মাধ্যমে ইতোমধ্যে সরকারি ক্যাডারে চাকরিতে আছেন। তারা বর্তমানে পাওয়া পদ বা তার চেয়ে নিচের কোনো পদে যোগ দেবেন না বলে ঘোষণা দেওয়ায়- ২৬০ জনকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ৪৩ জনকে উচ্চতর পছন্দক্রমের ক্যাডারে স্থানান্তর করা হয়েছে, শূন্য হওয়া পদে মেধাক্রম অনুযায়ী ২৫৭ জন নতুন প্রার্থী মনোনীত হয়েছেন, এ প্রক্রিয়ায় মোট ১১৩ জন প্রার্থীর জায়গা পরিবর্তন হয়েছে বলে জানায় পিএসসি।
চূড়ান্ত সুপারিশ তালিকায় উল্লেখযোগ্য ক্যাডারভিত্তিক সংখ্যা- প্রশাসন ক্যাডার — ২৫০ জন, পররাষ্ট্র — ১০ জন, পুলিশ — ৫০ জন, আনসার — ১৪ জন, নিরীক্ষা ও হিসাব — ৩০ জন, কর — ১১ জন, সমবায় — ৮ জন, রেলওয়ে — ৭ জন, তথ্য — ১০ জন, ডাক — ২৩ জন, বাণিজ্য — ৬ জন, পরিবার পরিকল্পনা — ২৭ জন এবং খাদ্য — ৩ জন।














































