
ছবি: সংগৃহীত
ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
এর আগে, তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সেদিন সকাল ৮টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী সোমবার সকালে তিনি ঢাকা ত্যাগ করে থিম্পুর উদ্দেশে রওনা হবেন।















































