
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, গণভোট দেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতার ভারসাম্য বিষয়ে কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারা সূচিত হবে। সেই লক্ষ্যেই দেশব্যাপী ভোটার সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাম্প্রতিক সহিংসতা ও বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
উপদেষ্টা আরও বলেন, গণভোটে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিটি জেলা ও উপজেলায় পৃথক প্রচার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীদের যুক্ত করে প্রচারণা চালানো হবে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ‘দেশের চাবি, আপনার হাতে’ স্লোগানে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এবারের নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সারা দেশে ১০টি ‘ভোটের গাড়ি’ পরিচালনা করবে। অনুষ্ঠান শেষে রিজওয়ানা হাসান প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেন এবং সহিংসতার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।





































