বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ ডিসেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ন
শেয়ার

পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের সময় বাড়াল ইসি


postal-vote-bd

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী ভোটারদের জন্য নিবন্ধনের সময়সীমা ছয় দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগে পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ সময় নির্ধারিত ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত। তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

আখতার আহমেদ জানান, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভোটারদের জন্য এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। যারা এখনো নিবন্ধন সম্পন্ন করেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

এদিকে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আগামী শনিবার সারাদেশের সব তপশিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে, যাতে সম্ভাব্য প্রার্থী বা তাদের প্রতিনিধিরা মনোনয়নসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে পারেন।

নির্বাচনি আচরণবিধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে- এটাই নির্বাচন কমিশনের প্রত্যাশা।

এদিকে বড়দিন ও সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন ব্যাংক বন্ধ থাকায় মনোনয়নপত্র দাখিলে কোনো জটিলতা এড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

চিঠিতে উল্লেখ করা হয়, ২৫ ডিসেম্বর বড়দিন এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ জমা দিতে সমস্যা হতে পারে। এ কারণে আগামী ২৭ ডিসেম্বর শনিবার সারাদেশের সব তপশিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।