
ভারত–চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করতে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে বেইজিংয়ের প্রতিরক্ষা নীতি বিকৃত করছে- এমন অভিযোগ করেছে চীন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ মন্তব্য করেন।
তিনি বলেন, চীন–ভারত সীমান্ত ইস্যু সম্পূর্ণভাবে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়, এতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ বা মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে অন্য কোনো দেশ নিজস্ব মূল্যায়ন দিলে চীন তাতে তীব্র আপত্তি জানাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্প্রতি পেন্টাগনের এক প্রতিবেদনে দাবি করা হয়, চীন সীমান্ত উত্তেজনা কমানোর কৌশল ব্যবহার করে ভারতের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চাইছে, যার লক্ষ্য যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক দুর্বল করা। এ দাবি ভিত্তিহীন ও উসকানিমূলক বলে প্রত্যাখ্যান করেছে চীন।
লিন জিয়ান বলেন, ভারত–চীন সম্পর্ক চীন কেবল স্বল্পমেয়াদি স্বার্থে নয়, বরং দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে দেখে। দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও স্থিতিশীলতা আঞ্চলিক উন্নয়নের জন্য জরুরি। তিনি আরও বলেন, বেইজিং ও নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য আঞ্চলিক ভূরাজনীতিতে প্রভাব বিস্তারের অপচেষ্টা।
উল্লেখ্য, সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে ভারত–চীনের সীমান্ত উত্তেজনা কিছুটা কমেছে এবং দুই দেশই শান্তি ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিয়েছে।
সূত্র: রয়টার্স




































