রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক


khaleda-yunus

ফাইল ছবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।” তিনি আরও উল্লেখ করেন, “বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দীর্ঘ সংগ্রাম, জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং অবদান বিবেচনায় সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।”

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির প্রেরণা দিয়েছে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল দেশের রাজনীতিতে পথপ্রদর্শক হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারালো।”

প্রফেসর ইউনূস বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে গৃহবধূ থেকে রাজনীতিতে আসা খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরশাসক এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার বহু সিদ্ধান্ত দেশের অগ্রগতিতে সহায়ক হয়েছে, বিশেষ করে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করাকে নারী শিক্ষার অগ্রগতিতে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।”

শোকবার্তায় উল্লেখ করা হয়, ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে একটি শক্ত ভিত্তি গড়ে তোলেন। এছাড়াও শেখ হাসিনার শাসনামলে খালেদা জিয়ার আপসহীন প্রতিরোধ ও সংগ্রামের প্রতীকত্ব জাতিকে দীর্ঘ লড়াইয়ে অনুপ্রাণিত করেছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “রাজনৈতিক সাফল্যের কারণে খালেদা জিয়াকে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘদিন কারাবাসে থাকতে হয়।”

শোকবার্তায় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে তিনি জাতিকে শান্ত থাকার, ধৈর্য ধারণের এবং তার আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করার আহ্বান জানান।