
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন।
সূত্র জানায়, বুধবার খালেদা জিয়ার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। এ উপলক্ষে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসবেন। তাঁদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার ঢাকায় আসার কথা রয়েছে।
এ ছাড়া খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর বিশেষ দূতও ঢাকায় আসবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।









































