
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ইসহাক দার তাঁর ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসহাক দার জানান, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদার জানাজায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে সরদার আয়াজ সাদিক প্রতিনিধিত্ব করবেন।
আজ বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। জনস্রোত সামাল দিতে ইতোমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। জানাজাস্থলে স্থাপিত বড় পর্দায় বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ছবি ও ভাষণ প্রদর্শিত হচ্ছে, যেখানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে তাঁর সেই ঐতিহাসিক উক্তি— ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু’।
জানাজা ও দাফন প্রক্রিয়াকে ঘিরে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবির ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে জানাজাস্থল ও এর আশপাশের এলাকায়। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে। এই অন্তিম বিদায়ে মরহুমার পরিবারের সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং পাকিস্তানের স্পিকারসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নেত্রী।




































