
ছবি: সংগৃহীত
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে।
তার মৃত্যুতে টাঙ্গাইলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতারা এবং স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০১ এবং ২০১২ সালে বিএনপি থেকে পুনরায় নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।









































