রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১ জানুয়ারি ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার

এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ


Khaled-Saifullah

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বাক্যের পদত্যাগপত্র শেয়ার করা হয় বলে নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

খালেদ সাইফুল্লাহ এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার স্বামী। এর আগে ২৭ ডিসেম্বর তাসনিম জারা দলটি থেকে পদত্যাগ করেন। পরদিন ২৮ ডিসেম্বর পদত্যাগ করেন এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণাও দেন এবং জোট গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন।

এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর এনসিপি থেকে আরও দুই নেতা পদত্যাগ করেন। তারা হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল (নেহাল) এবং কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী। ফেসবুক পোস্টে জামাল অভিযোগ করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো গঠনের প্রতিশ্রুতি রক্ষায় এনসিপি ব্যর্থ হয়েছে। অন্যদিকে আজাদ খান ভাসানী দলটির সঙ্গে ‘আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদ’-এর ঘোষণা দিয়ে বলেন, নতুন বাংলাদেশ গঠনে প্রত্যাশিত দায়বদ্ধতা ও গণমানুষের প্রতি দরদের ঘাটতি তিনি অনুভব করেছেন।