
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগ এবং দুই দিনের ব্যবধানে পুনরায় নিয়োগ পাওয়ার ঘটনাটি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি ছিল একটি সম্পূর্ণ ‘টেকনিক্যাল’ প্রক্রিয়ার অংশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব।
ডা. সায়েদুর রহমানের নিয়োগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তাঁর প্রথম নিয়োগটি হয়েছিল লিয়েনের ভিত্তিতে। তিনি পূর্বে একটি নির্দিষ্ট কর্মস্থলে কর্মরত ছিলেন এবং সেখান থেকে লিয়েন নিয়ে বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তাঁর নিয়মিত চাকরি থেকে অবসর গ্রহণের সময় উপস্থিত হওয়ায় একটি প্রশাসনিক জটিলতা তৈরি হয়।
তিনি আরও জানান, বিধি অনুযায়ী লিয়েনে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা অবসর গ্রহণ করতে পারেন না। এ কারণে ডা. সায়েদুর রহমানকে প্রথমে বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়। সেখানে অবসরসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাঁকে পুনরায় বিশেষ সহকারী হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবারই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে পুনর্নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে।



































